শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) ভোরে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। রাত ২টার দিকে নিউ মার্কেট এলাকার কাছের ঘনবসতিপূর্ণ ওই এলাকায় আগুন লাগার পর মুহূর্তেই হোটেলের বিভিন্ন কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন অতিথি ভবনের ভেতরে আটকা পড়েন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।

ফায়ার সার্ভিস সূত্রের বরাতে এএনআই জানায়, অগ্নিকাণ্ডের সময় হোটেল থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়। তবে শিশুসহ নয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি ভারতের ঝাড়খন্ডের বাসিন্দা। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের পরিচয় ও সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হোটেলটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এয়ার কন্ডিশনারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হোটেলটিতে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসকর্মীদের সিঁড়ি দিয়ে ওপরের তলায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনা হলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় কলকাতা পুলিশ মামলা করেছে। হোটেল মালিক ও সংশ্লিষ্ট কর্মীদের খুঁজে বের করতে অভিযান চলছে।

এর দুই দিন আগে, সোমবার (১৭ আগস্ট) ভোরে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে আরেকটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত আটজন নিহত হন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙার সময় বিষাক্ত গ্যাসে নিহত ১০ শ্রমিকের...

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য নতুন অধিদপ্তর হচ্ছে

গুম, হত্যাকাণ্ড, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি...