অবশেষে এক মাস পর চালু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) মেশিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিকল মেশিন থেকে যন্ত্রাংশ এনে এটি সচল করা হয়।
শনিবার (৪ এপ্রিল) দুপুর থেকে চট্টগ্রাম মেডিকেলে এমআরআই পরীক্ষা হচ্ছে। এর আগে ৬ মার্চ ‘গ্র্যাডিয়েন্ট অ্যামপ্লিফায়ার’ নষ্ট হলে মেশিনটি অকেজো হয়ে পড়ে।
চট্টগ্রাম মেডিকেল সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ আগস্ট ৯ কোটি ৮৪ লাখ টাকায় এমআরআই মেশিনটি আনা হয়। এরপর ২০২১ সালের মে মাসে সেটি বিকল হয়ে পড়ে। এরপর মেরামত করা হলেও ২০২২ সালের মে মাসে মেশিনটি পুরোপুরি বিকল হয়ে পড়ে। পরে ২০২৫ সালের জুনে এটি আবার ঠিক করলে পরীক্ষা করা শুরু হয়। এরপর চলতি বছরের ৬ মার্চ এটি আবার নষ্ট হয়।
এমআরআই যন্ত্রটি পুরোনো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিকল এমআরআই মেশিন থেকে ‘গ্র্যাডিয়েন্ট অ্যামপ্লিফায়ার’ নামে একটি আবার সচল করা হলো। এই যন্ত্রাংশের দাম ৮০ লাখ টাকা। তবে সরকারি হাসপাতাল থেকে আসায় এতে ব্যয় হয়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন জানান, রাজশাহী মেডিকেল থেকে একটি অকেজো এমআরআই মেশিন আছে। সেখানে এই যন্ত্রাংশ ভালো ছিল। সরকারিভাবে যোগাযোগ করে সেটি আনা হয়েছে। এখন এমআরআই মেশিনটি সচল।
চট্টগ্রাম মেডিকেলে এমআরআই পরীক্ষার খরচ পড়ে তিন থেকে চার হাজার টাকা। বেসরকারি হাসপাতালে সেই খরচ দাঁড়ায় ৭ থেকে ১৮ হাজার টাকা।
জুনায়েদ/চট্টলা২৪

