বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন গেম খেলার টাকার জন্য বটি দিয়ে মাকে মারধর, সেই ছেলে পুলিশ হেফাজতে

চট্টগ্রামের আনোয়ারায় অনলাইন গেম খেলতে এমবির টাকার জন্য বটকি দিয়ে নিজের মাকে মারধরের অভিযোগ ওঠেছে মো. জাবেদ (১৭) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ।

এর আগে বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে ক্ষোভ ও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এদিন বিকেলে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত মো. জাবেদ ওই এলাকার কালা গাজীর বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. ইয়াকুবের ছেলে। পাঁচ থেকে ছয় বছর আগে তার নিরাপত্তাপ্রহরী বাবা মারা যান। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি পরিবারের একমাত্র ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতরে হাতে বটকি নিয়ে জাবেদ তার মায়ের কাছে টাকা দাবি করছে। একপর্যায়ে তিনি বটকি দিয়ে ভয় দেখাতে দেখাতে মাকে মারধর শুরু করেন। ভিডিওতে মা’কে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘তোরে আমি টাকা দিব, তোর মাথা ছুঁয়ে বলছি, বটিটা আমাকে দিয়ে দে।’ তারপরও ছেলে তার মায়ের কথা না শুনে গায়ে হাত তুলে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মন্তব্যের ঘরে অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অনেকে মাদক ও গেম আসক্তিকে যুব সমাজের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে যুব সমাজ এসব আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো. এনাম বলেন, জাবেদ দীর্ঘদিন ধরে মোবাইল গেমে আসক্ত। প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা চাইতেন এবং টাকা না পেলে মারধরের অভিযোগ রয়েছে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে গেমে আসক্তির কারণেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাকে পাওয়া যায় নি। আজ বৃহস্পতিবার বিকেলে আবার অভিযান চালিয়ে তাকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...