ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য (এমপি) শপথ নিয়েছেন। শেরপুর-৩ আসন থেকে বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশা শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবের স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়েছিলেন। পরবর্তী সময় তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষিত হয় এবং গত ৯ এপ্রিল সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় তৎকালীন ভোট গ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। পরবর্তী সময় নতুন তফসিলে গত ৯ এপ্রিল সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জুনায়েদ/চট্টলা২৪