দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা এপ্রিল মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই এলপিজির দাম এক দফায় ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাড়ল এলপিজির মূল্য, যা ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।
মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে সংকট তৈরি হয়েছে। এর ফলে ওই অঞ্চলে এলপিজিবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে এলপিজি আমদানিতে সময় ও ব্যয় বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে বিমা ও নিরাপত্তা ব্যয়ও বেড়েছে। এসব কারণে দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের জাহাজভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে।
সার্বিক পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও এলপিজির দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

