বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে গিয়ে তিনি এসব অভিযোগ করেন।
দলীয় লোকদের পুনর্বাসন করা হচ্ছে: নাহিদ
নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় লোকদের।
তার অভিযোগ, এসব প্রতিষ্ঠানকে মনোনয়নবঞ্চিত ও নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে বিএনপি।
জ্বালানি ও গ্যাস সংকটের অভিযোগ
এনসিপির আহ্বায়ক বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরই ভয়াবহ জ্বালানি তেল সংকট শুরু হয়। সে সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছিল। এর প্রভাব পড়েছে গণপরিবহন, সেচ, সারসহ বিভিন্ন খাতে।
তিনি বলেন, বর্তমানে গ্যাসের চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় চুলা জ্বলছে না। গ্যাস সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদনও কমেছে এবং ক্রয়াদেশ অন্যত্র চলে যাচ্ছে।
বিদ্যুৎ খাতেও সংকটের অভিযোগ
নাহিদ ইসলাম বলেন, সরকার ক্ষমতায় আসার পর দুই বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে অঙ্গীকার করেছিল। কিন্তু দুই মাসের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
তার অভিযোগ, বর্তমানে লোডশেডিং, ভুতুড়ে বিল ও ক্যাপাসিটি চার্জের বোঝা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিদ্যুৎ খাত নিয়ে জাতীয় কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশও বাস্তবায়ন করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।
কৃষি ও স্বাস্থ্য খাত নিয়েও সমালোচনা
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, কৃষকরা পর্যাপ্ত সার পাচ্ছেন না এবং বেশি দামে সার কিনতে হচ্ছে। একই সঙ্গে ঋণ প্রবৃদ্ধিও বাড়ছে।
স্বাস্থ্য খাতের সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। হাম মহামারির জন্য অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হলেও সংকট এখনও কাটেনি বলে দাবি করেন নাহিদ। তার ভাষ্য, এখনো কোনো বিশেষায়িত হাসপাতাল গঠন করা হয়নি।
শিক্ষাঙ্গনে দখল ও হামলার অভিযোগ
শিক্ষাঙ্গন নিয়েও অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করা হচ্ছে। বিরোধী মতাদর্শের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ওপর হামলার ঘটনা ঘটলেও এসব ঘটনায় কার্যকর বিচার হয়নি।
তিনি বলেন, কোনো সংকট দেখা দিলেই কখনো ফ্যাসিস্ট সরকার, আবার কখনো অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হচ্ছে। অথচ এর চেয়েও খারাপ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
সাব্বির,চট্টলা২৪

