চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে হাটহাজারীর চৌধুরীহাটে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১২টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১১ এ অভিযান পরিচালনা করে।
বিআরটিএ চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ের কম্পাউন্ডে দালালির অভিযোগে আগ্রাবাদ ডাবল মুরিং এলাকার মৃত কালা মিয়ার ছেলে মনজুর আলমকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, হাটহাজারী থানার অন্তর্গত চৌধুরীহাট এলাকায় পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা অভিযানে নেতৃত্ব দেন।
ফারুক, চট্টলা২৪

