চট্টগ্রামের হাটহাজারী-ফটিকছড়ি আঞ্চলিক সড়কে বরযাত্রীবাহী বাইকের মধ্যে সংঘর্ষে প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে হাটহাজারী সরকারহাট বাজারের উত্তর পাশে কুমারীকুল রাস্তা মাথা এলাকার বালু শাহ মাজার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ২৩ বছর। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিয়ের বরযাত্রী বহনকারী ৩ থেকে ৪টি দ্রুতগতির মোটরসাইকেল মহাসড়কের ওই এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেল পাশের একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে ফেলে দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক বাইকার নিহত হন। আহত হন আরও তিনজন।
আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হাটহাজারী থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার তদন্তে কাজ চলছে।
উল্লেখ্য, ডিভাইডারবিহীন তিন লেনবিশিষ্ট এই মহাসড়কটিকে ইতোমধ্যে ‘মরণ সড়ক’হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৪ সালে এই সড়কে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৯ জন এবং আহত হয়েছেন সহস্রাধিক মানুষ।
চৌধুরী/চট্টলা২৪

