ডিসেম্বর পর্যন্ত দেরি না করে তার আগে নির্বাচন দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিঁয়াজো কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
ববি হাজ্জাজ বলেন, ‘বৈঠকের মূল লক্ষ্য ছিল, জনগণের দাবি তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন কীভাবে ভালোভাবে কাজ করতে পারি।’
তিনি আরও বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে। আমরাও বসেছি। কমিশনকে পরিষ্কারভাবে জানিয়েছি কোন কোন প্রস্তাবনার সঙ্গে আমরা একমত। একইভাবে অন্য দলগুলোও তাদের মতামত দিয়েছে।’
দলগুলোর সঙ্গে যতগুলো জায়গায় কমিশন একমত খুঁজে পাবে, সেটার ভিত্তিতে একটা তালিকা তৈরির দাবি জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান।
তিনি বলেন, ‘এই তালিকা করতে খুব বেশি সময় লাগার কথা নয়। ৩১ দিনের ভেতর কমিশন সব দলের মত নিয়ে নতুন তালিকা করতে পারে, কোন কোন সংস্কারে আমরা এক। এরপর নির্বাচনে দেরি করার কোনো কারণ আমরা দেখি না।’
ববি হাজ্জাজ বলেন, ‘সরকার ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে। বেশিরভাগ রাজনৈতিক দল এতে একমত হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি ডিসেম্বরের আগেও হয়তো সেপ্টেম্বর বা অক্টোবরে নির্বাচন দেয়া সম্ভব।’
ঐকমত্য কমিশনের তালিকা হয়ে গেলে ডিসেম্বর পর্যন্ত বিলম্ব করার কারণ নেই জানিয়ে তিনি বলেন, ‘যত শিগগিরই দেশে জনগণের ভোটের অধিকার ফিরে দেয়া যাবে, তত দ্রুত জানতে পারবো জনগণ কোন সংস্কারগুলো চায়।’
চৌধুরী/চট্টলা২৪

