মিথ্যা ঘোষণায় রপ্তানির চেষ্টায় ৪২ টন সুগন্ধী চাল আটক করেছে চট্টগাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। একটি চালানের পণ্য সিঙ্গাপুরে এবং আরেকটি সৌদিআরবে রপ্তানির জন্য অভিজাত ফুডসের মনোনীত সিএন্ডএফ প্রতিষ্ঠান এন আর এন্টারপ্রাইজ কাস্টমসে শুল্কায়ন সম্পন্ন করেছিল বলে জানা যায়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বন্দর সংযোগ সড়কে মেসার্স এছাক ব্রাদার্স ডিপো লিমিটেডে অভিযান চালান অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি আলাদা চালানে কারখানায় উৎপাদিত বিস্কুটসহ বিভিন্ন শুকনো খাবার রপ্তানির ঘোষণা দিয়েছিল অভিজাত ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কিন্তু চারটি কনটেইনারটি খুলে সেখানে পাওয়া গেছে ৪২ মেট্রিকটন কুইন ব্র্যান্ডের কালিজিরা সুগন্ধী চাল।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোছাম্মৎ আয়েশা সিদ্দিকা জানান, গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারির খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অভিজাত ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুটি রপ্তানি পণ্যচালান স্থগিত করে চারটি কনটেইনার জব্দ করা হয়।

