প্রতিনিধি | পটিয়া
চট্টগ্রামের পটিয়া উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে ওসমান গনি (২০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৪টার দিকে পটিয়ার খানমোহনা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওসমান গনি সাতক্ষীরা জেলার আশারশুনি উপজেলার নাইকাটি গ্রামের ফজর আলীর ছেলে। তিনি পটিয়ার দরগাহপুর সিদ্দীকিয়া আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র ছিলেন।
ওসমানের সাথে থাকা মাদ্রাসার শিক্ষক নাজমুল হুদা জানান, তিনি, তাঁর স্ত্রী, ওসমান এবং আরও দুই ছাত্র মিলে পাঁচ দিন আগে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণ শেষে মঙ্গলবার ট্রেনে করে চট্টগ্রামে ফিরছিলেন। ট্রেন চলাকালীন ওসমান প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে বগির দরজার পাশে দাঁড়ায়। কিছু সময় পর যাত্রীদের মধ্যে আলোচনা শুরু হয় যে, কেউ একজন ট্রেন থেকে পড়ে গেছে। বিষয়টি আঁচ করতে পেরে ওসমানের সঙ্গীরা পুরো ট্রেনে ওসমানকে খুঁজে না পেয়ে দ্রুত পরবর্তী স্টেশনে নেমে তাকে পূর্ববর্তী বিভিন্ন রেলপথে খুঁজতে শুরু করেন। পরে তারা জানতে পারেন, পটিয়া রেলস্টেশনের অদূরে একটি জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পান। ঘটনাস্থলে থেকে ওসমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমরোজ জাহান আনিকা বলেন, ‘মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চেকআপের পর মৃত ঘোষণা করা হয়।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, ‘চলন্ত ট্রেন থেকে পড়ে একজন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।’
ওয়াহিদ, চৌধুরী, চট্টলা২৪

