কাস্টমস নিলামের ডিউটি ফি আদায়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় বন্দর ভবনের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়েছে। এর আগে কাস্টম হাউসেও মতবিনিময় করেন এনবিআর চেয়ারম্যান।
জানা গেছে, চবক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে আর্থিক সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বন্দর-কাস্টমসের অভ্যন্তরীণ কিছু বিষয়ও গুরুত্ব পাবে। বিশেষ করে কাস্টমস নিলামে বন্দরের পাওনা সংক্রান্ত দুই ধরনের নীতিমালা বিদ্যমান। এটি নিয়ে দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি হলেও কোনো একটি নীতিমালা কার্যকর করার সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পায়নি। চলমান বৈঠকে এ বিষয়টি গুরুত্ব পাবে।
বিষয়টি নিশ্চিত করেন এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব (উপসচিব) মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘এটি স্যারের রেগুলার ভিজিটের অংশ। এ সফরে এনবিআর সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে স্যার বসবেন। স্যারকে চট্টগ্রামে পেয়ে শিডিউলে থাকা প্রতিষ্ঠানগুলোর বাইরে আরো কিছু প্রতিষ্ঠান শিডিউল চেয়েছে। সবগুলো মিটিংয়ের পরে স্যার হয়তো ব্রিফ করতে পারেন।’

