চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রামসহ দেশের চার সমুদ্রবন্দরে এই স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২ অক্টোবর) স্বাক্ষরিত আবহাওয়ার এক সর্তক বার্তায় এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।
সতর্ক বার্তায় তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এছাড়াও যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিমদক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়াসহ বৃষ্টিবজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, সকাল থেকে মেঘলা ছিল চট্টগ্রামের আকাশ। এদিন দুপুর ১২টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। তবে আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড়ধস কিংবা ভূমিধস হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

