নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী অতীতে ভুয়া প্রতিবেদন দিয়েছে এবং নিবন্ধন পেয়েও ভোট পর্যবেক্ষণ করেনি তাদের নিবন্ধনও নবায়ন করবে না ইসি।
ইসি সংশ্লিষ্টরা জানায়, পর্যবেক্ষণ নীতিমালা সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এখন কেবল তা জারি করার পালা। নতুন এ নীতিমালা জারি হলে ২০২৩ সালের নীতিমালাটির আর কোনো কার্যকারিতা থাকবে না। ফলে আগের সংস্থাগুলোর নিবন্ধনও বাতিল করা হতে পারে। পূর্বের নীতিমালায় পর্যবেক্ষক হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ছিল, নতুন নীতিমালায় পর্যবেক্ষক হতে হলে এইচএসসি বা সমমান পাস হতে হবে। আর সব যোগ্যতা আগের মতোই থাকছে।
নিবন্ধন প্রক্রিয়া অংশে নতুন নীতিমালায় ৪.৬ নামে নতুন একটি বিধান যুক্ত করা হয়েছে। আর এতে বলা হয়েছে, ইতোপূর্বে যেসব পর্যবেক্ষক সংস্থা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদন দাখিল করেছে তাদের নিবন্ধন দেওয়া যাবে না। আবার অন্য একটি জায়গায় বলা হয়েছে, নিবন্ধন পাওয়ার পর একটি জাতীয় ও চারটি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ না করলে পরবর্তী সময়ে সেই সংস্থার নিবন্ধন নবায়ন করা হবে না।

