গণঅভ্যুত্থানে নিহত রোহিঙ্গা নাগরিক নূর মোস্তফাকে শহীদের স্বীকৃতি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বুধবার বিকালে ফেইসবুক পেইজে এ তথ্য জানান।
পোস্টে বলা হয়, আলহামদুল্লিাহ! তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম গত ২২ জুন কেবিনেট মিটিংয়ে নূর মোস্তফার স্বীকৃতির জন্য প্রস্তাব উপস্থাপন করেন। গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে নূর মোস্তফার স্বীকৃতির কাজ চলমান। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। জুলাই সবার!
যোগাযোগ করা হলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম বলেন উপদেষ্টা পরিষদের আলোচনা গোপনীয়। যিনি পোস্ট করেছেন তার সঙ্গে যোগাযোগ করুন।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখার উপসচিব জহিরুল ইসলাম বলেন, এটা আমার নজরে আসে নাই। আমাদের কাছে আসলে আমরা যাচাই-বাছাই করে যথানিয়মে কাজ করি। এ বিষয়ে এখনও কোনো কিছু জানিনা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,গত ৫ অগাস্ট কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে গুলিবিদ্ধ হন নূর মোস্তফা। পরদিন দুপুরে হাসপাতালে মারা যান। তার বাবা শফিউল আলম আর মা নূর বেগম।
নূর মোস্তফার মা-বাবা ১৯৯২ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেন এবং ঈদগাঁও এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
নূর মোস্তফার জন্ম ও শিক্ষাজীবন বাংলাদেশে হলেও মা-বাবার জাতীয় পরিচয়পত্র না থাকায় তার নাম এতোদিন জুলাই শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তার পরিবার কোনো রাষ্ট্রীয় সহায়তা পায়নি।
চট্টলা২৪/হহ

