পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে শুরু হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি।
সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে এ পদযাত্রা শুরু হবে। পরে শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে জনসভা।
অন্যদিকে খাগড়াছড়ির কলাবাগান এলাকায় একইদিনে বিকেলে ৫টায় বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ার থেকে কলাবাগান এলাকার দূরত্ব প্রায় দুই কিলোমিটার। এই দুই কিলোমিটার দূরত্বে দুটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। খাগড়াছড়িতে সোমবার সকাল থেকেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সকালে খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ঝোলানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। জানতে চাইলে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, এনসিপির কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল গণমাধ্যমকে বলেন, কক্সবাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা বেশ কিছু সতর্ক পদক্ষেপ নিয়েছি। পুরো জেলায় গুরুত্বপূর্ণ স্থানগুলো অতিরিক্ত পুলিশ সুপার,সহাকারী পুলিশ সুপার ,ভারপ্রাপ্ত কর্মকর্তা, এসআই ও এএসইয়ের নেতৃত্বে ৬২০ জন পুলিশ মোতায়েন থাকবে। ওইদিন খাগড়াছড়িতে পূর্ব নির্ধারিত কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে। এ কারণে জেলা বিএনপির সাথে কথা বলেছি। বিএনপি নেতারা আশ্বাস দিয়েছেন, তাদের পক্ষ থেকে এনপিসির কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হবে না।
নাম প্রকাশ না করা শর্তে বিএনপির এক নেতা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক অবস্থানকে বিএনপির সবসময় সাধুবাদ জানায়। এনসিপি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়েছে সমাবেশে উস্কানিমূলক বক্তব্য পরিহার করার জন্য। আশা করছি এবার তারা আর কোনো উস্কানিমূলক বক্তব্য দেবেন না। পথে বাধা-বিপত্তি না দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে এনসিপি সূত্রে জানা গেছে, সোমাবার খাগড়াছড়ির কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা বলেন, কর্মসূচিতে জেলার নয়টি উপজেলা থেকে লোকজন আসবে। বেলা ১১টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা শুরু হবে। এরপর মহাজনপাড়া, নারকেল বাগান বাজার হয়ে আদালত সড়ক পর্যন্ত গিয়ে শাপলা চত্বরে এসে পদযাত্রা শেষ হবে। পরে মুক্তমঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা আশা করি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সব দল সহায়তা করবে।
চট্টলা২৪/হহ

