দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াই শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অবশেষে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং তার ছেলে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মাধ্যমে ২০০৭ সালে দায়ের হওয়া মামলায় হাইকোর্টের দেওয়া তিন বছরের দণ্ড থেকে তারা মুক্তি পান।
মামলার ইতিহাসে জানা যায়, ২০০৭ সালের ৬ মার্চ তত্ত্বাবধায়ক সরকারের আমলে গুলশান থানায় দুদক মীর নাছির ও তার ছেলের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। একই বছরের অল্প সময়ের মধ্যেই বিশেষ জজ আদালত মীর নাছিরকে ১৩ বছর এবং তার ছেলেকে ৩ বছরের কারাদণ্ড দেন।
এরপর হাইকোর্টে আপিল করলে ২০১০ সালে তাদের দণ্ড বাতিল হয়। তবে দুদক সেই রায়ের বিরুদ্ধে আপিল করে। একাধিক পর্যায়ের শুনানি শেষে মামলাটি দীর্ঘদিন ঝুলে থাকে। অবশেষে ২০২৫ সালের ১৬ মার্চ আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া সাজা স্থগিত করে দেন। আর বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চূড়ান্ত রায়ে দুজনকেই খালাস দেওয়া হয়।
রায়ের পর প্রতিক্রিয়ায় মীর নাছিরের ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “আল্লাহ মহান। দীর্ঘ ১৮ বছর অন্যায়, অপমান ও দুর্ভোগের পর আমরা আজ ন্যায়বিচার পেলাম। মিথ্যা মামলার সামনে মাথা নত করিনি, দেশ ছেড়ে পালাইনি। অবশেষে আদালত আমাদের মুক্তি দিয়েছেন।”
তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানসহ যারা দীর্ঘ লড়াইয়ে পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে পরিবার ও চট্টগ্রামের জনগণের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
এই রায়ের মধ্য দিয়ে প্রায় দুই দশক ধরে চলা একটি বহুল আলোচিত মামলার অবসান হলো।
জুনায়েদ/চট্টলা২৪

