চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক অস্ট্রেলিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। চোরেরা ঘরের টিন কেটে প্রবেশ করে স্বর্ণ, নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
জানা গেছে, ভুক্তভোগী প্রবাসীর নাম প্রমিত দাশ। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন। তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারের অন্য সদস্যরা চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে অবস্থান করছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল প্রমিত দাশের ফাঁকা বাড়িতে হানা দেয়।
চোরেরা বাড়ির ছাদের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমারি ও বিভিন্ন ড্রয়ার ভেঙে ফেলে। প্রমিত দাশের মা নমিতা দাশ জানান, চোরেরা তিন ভরি স্বর্ণ, নগদ ৭ লাখ টাকা এবং ২ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা (ডলার) চুরি করে নিয়ে যায়। এছাড়াও, তারা বাড়িতে থাকা ধর্মীয় উপাসনালয়ে আগুন ধরিয়ে দেয়।
নমিতা দাশ আরও জানান, তিনি প্রায় এক মাস ধরে তার স্বামীকে নিয়ে হাসপাতালে রয়েছেন। এই সময়ে বাড়িতে কেউ না থাকায় চোরেরা সহজেই এই ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামানকে অবহিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন এবং দ্রুততম সময়ে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছেন।
এমএইচ

