বেনাপোল, যশোর: বেনাপোল স্থলবন্দরে অভিযান চালিয়ে একটি ভারতীয় ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক ও আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেন।
আটককৃত ব্যক্তিরা হলেন ট্রাকচালক গুরজীত সালুজা এবং তার সহকারী রাম দাস নাওয়াদি। তারা দুজনেই ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।
৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ জানান, আমদানি-রফতানিকারী ট্রাকের মাধ্যমে যাতে কোনো ধরনের অস্ত্র বা মাদক পাচার না হয়, সেজন্য প্রতিটি সন্দেহজনক ট্রাক বাংলাদেশে প্রবেশের সময় তল্লাশি করা হয়। তিনি বলেন, “রোববার কাঁচামরিচবাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়।”
যেহেতু এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ, তাই পিস্তলটি জব্দ করা হয়েছে এবং জড়িত দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ট্রাকচালক জানান, তারা আত্মরক্ষার জন্য এই পিস্তলটি সঙ্গে রেখেছিলেন। তবে তারা এর স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এমএইচ

