সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ-সুন্দর নগরী গড়ে তুলতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। আমরা ১০ লাখ গাছ লাগিয়ে ‘গ্রিন চট্টগ্রাম’ গড়ব।
বৃহস্পতিবার দুপুরে নগরভবন চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় লায়ন্স ক্লাব অব চিটাগং মেয়রের হাতে এক হাজার গাছের চারা তুলে দেয়।
মেয়র শাহাদাত বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। সালোকসংশ্লেষণের মাধ্যমে গাছ অক্সিজেন দেয় ও কার্বন ডাই–অক্সাইড শোষণ করে বেঁচে থাকার পথ সুগম করে। ইসলামের দৃষ্টিতেও বৃক্ষরোপণ সওয়াবের কাজ। যত দিন গাছ বেঁচে থাকবে, তত দিন আমলনামায় সওয়াব লেখা হবে।’
তিনি আরও বলেন, ‘একসময় বাংলাদেশ ছিল বনভূমি ও সবুজ গাছে ভরপুর। কিন্তু পাহাড় উজাড়, অনিয়ন্ত্রিত দখল আর বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন কমে গেছে। দূষণপ্রবণ ঘনবসতিপূর্ণ এ নগরে পরিবেশ রক্ষার সবচেয়ে বড় শক্তি হলো গাছ। এ কারণে সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’
শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় জানিয়ে মেয়র বলেন, ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। তিনি প্রত্যেক নগরবাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, লায়ন বাবুল কান্তি লালা, লায়ন বাসুদেব সিনহা, লায়ন অনুপম মজুমদার, লায়ন নুরুল আলম, লায়ন সিলবাস্টার বার্নাডেট, লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, লায়ন মো. খোরশেদ আলীসহ অন্যরা।
চৌধূরী, চট্টলা২৪

