চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইছামতি নদীতে ডুবন্ত বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে বিজয় বড়ুয়া (১৪)।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পোয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বন্ধু একসাথে ইছামতি নদীতে স্নান করতে নামে। এসময় তাদের মধ্যে একজন সাঁতার না জানায় ডুবে যেতে থাকে। তখন বিজয় বড়ুয়া তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে। বন্ধুটি কোনোমতে তীরে উঠতে পারলেও নদীতে তলিয়ে যায় বিজয় বড়ুয়া।
পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর বিজয়ের মরদেহ উদ্ধার করে। নিহত বিজয় বড়ুয়া ওই এলাকার সুজন বড়ুয়ার ছেলে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে।
জুনায়েদ/চট্টলা২৪

