চট্টগ্রামের পাহাড়তলী থানার স্টেডিয়াম এলাকায় ক্রিকেটারদের স্ট্যাচু ভেঙে নিচে পড়ে থাকতে দেখা গেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।
তবে শনিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘সম্প্রতি সাগরিকা এলাকায় স্ট্যাচু ভাঙচুরের ঘটনার কোনো তথ্য আমাদের কাছে নেই। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এটা মনে হয় আরো এক বছর আগের ঘটনা। ভিডিও ছবিতে যা দেখানো হয়েছে তা আগের মনে হচ্ছে।
যদিও ভাঙচুর হওয়া স্ট্যাচু জোড়া দেওয়ার চেষ্টার বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই যুবক মাটিতে পড়ে থাকা একটি স্ট্যাচুর পায়ের ভেতর বাঁশ ঢুকিয়ে সেটি জোড়া দেওয়ার চেষ্টা করছেন। তবে ভিডিওগুলো কখনকার তা নিশ্চিত করা যায়নি।
খেলোয়াড়দের ভেঙে পড়া দুটি স্ট্যাচুর ছবি ফেসবুকে পোস্ট করে রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন ফেসবুকে লেখেন, ‘দল খারাপ খেলছে দুবাইতে, আর স্ট্যাচু পড়ছে চট্টগ্রামে। এইগুলো কি দোষ করেছে?’
২০১১ সালে বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ১১ ক্রিকেটারের স্ট্যাচুগুলো স্থাপন করা হয়েছিল।
চৌধুরী, চট্টলা২৪

