চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলায় মোহাম্মদ ওসমান (৪৩) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী পৌরসভার জলদি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার। গ্রেপ্তারের পরপরই তাকে আদালতে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ ওসমান উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম পুঁইছড়ি এলাকার মাস্টার মো. মাহমুদুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ ও বাঁশখালী উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
স্থানীয়রা জানান, ‘গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা ওসমান ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ছাত্রলীগ-যুবলীগকে সংগঠিত করে মিছিল করাতেন। এ ছাড়া তার কাছে অবৈধ অস্ত্র থাকার কথাও জানান স্থানীয়রা।’
বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘গোপন সংবাদ পেয়ে বাঁশখালী থানার এসআই রুবেল সিংহের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। তাকে বাঁশখালীর চাম্বল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।’
চৌধুরী, চট্টলা২৪

