পায়রা বন্দরের কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ই অক্টোবর ২০২৫ ইং তারিখে চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসের মিটিং রুমে পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এম এ বকর। এ সময় তিনি বলেন, “পায়রা বন্দর বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠছে, তাই এর প্রতিটি কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
সভায় অ্যাসোসিয়েশনের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা, নতুন অফিস স্থাপনের পরিকল্পনা, জাহাজের সিরিয়াল প্রথা কার্যকর, শ্রমিকদের সমস্যা ও সমাধানসহ বন্দরের উন্নয়নমূলক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রফিকুল আনোয়ার বাবু, সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুল আলম, কোষাধ্যক্ষ মোঃ সারফরাজ নেওয়াজ ফরহাদসহ নবগঠিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ মশিউল আলম স্বপন ও নির্বাচন কমিশনার কাজি মনিরুল ইসলাম।
এছাড়া, পিএইচপি গ্রুপের পরিচালক পারভেজ আলম, এসআরএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ছিদ্দিকীসহ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে পায়রা বন্দরের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জুনায়েদ/চট্টলা২৪

