চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগণনা কার্যক্রম চলছে। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে উচ্ছ্বাসে মেতেছেন শিক্ষার্থীরা।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ‘চাকসু চাকসু’ স্লোগানে মুখরিত হয়ে উঠে ব্যাবসা অনুষদ ভবনের ফল ঘোষণা কেন্দ্র।
পুরো ভবন মাতিয়ে তোলেন কয়েক শ’ শিক্ষার্থী। এসময় তারা ‘ফ্রি ফ্রি প্যালেসটাইন’সহ নানা স্লোগান দিতে থাকেন। নানা স্লোগানের সঙ্গে সঙ্গে মূহর্মূহু করতালি আর বিভিন্ন গানে ভিন্ন পরিবেশের সৃষ্টি হয় পুরো ভবনে। এসময় তারা ফলাফলের জন্য আর কত দেরি, দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণার দাবি জানাতে থাকেন।
শিক্ষার্থীরা বলেন, আজ আমাদের আনন্দের দিন, স্মরণীয় দিন। এই দিনটির জন্য দীর্ঘ ৩৫ বছর অপেক্ষায় থাকতে হয়েছে। ফলাফলের অপেক্ষায় আছেন সবাই। যত দ্রুত ফলাফল ঘোষণা হবে তত তা আমাদের জন্য স্বস্তির হবে। আশা করছি, প্রশাসন দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করবে।
বড় কোনো অঘটন ছাড়া শান্তিপূর্ণভাবে বুধবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।
সকাল থেকে প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দায়িত্বে ছিলেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১২০০ সদস্য।
তবে ভোটগ্রহণ শেষ হওয়ার আগে ও পরে কয়েকটি কেন্দ্রের সামনে প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে যায়।
নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবিরসহ ১৩টি প্যানেল থেকে ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬টি পদে ৪১৫ জন এবং হল সংসদে ১৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। এরমধ্যে পুরুষ ১৬ হাজার ৮৪ জন এবং মোট নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন।
চৌধুরী, চট্টলা২৪

