বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে যুবলীগের দেলোয়ারের বিএনপি সাজার চেষ্টা, অবশেষে থানার ‘লকআপে’

নিজস্ব প্রতিবেদক
এক সময়কার তুখোর যুবলীগ ক্যাডার মোহাম্মদ দেলোয়ার। ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের অনুসারী। তবে ৫ আগস্টের পটপরিবর্তনের পর নিজেকে বিএনপিকর্মী পরিচয় দিয়ে করে বেড়াচ্ছেন নানা অপকর্ম। চোরাই মোবাইলের ব্যবসার পাশাপাশি সে গড়ে তুলেছে মাদক ব্যবসার বিশাল সম্রাজ্য। মূলত রাজনৈতিক ছত্রছায়া পাওয়াতেই সে এতদিন ছিল ধরা-ছোঁয়ার বাইরে। অভিযোগ উঠেছে, মোটা টাকার বিনিময়ে দেলোয়ারকে শেল্টার দিয়েছেন চট্টগ্রামেরই আরেক বিএনপি নেতা নুর হোসেন। তবে তা অস্বীকার করেছেন তিনি। যদিও দেলোয়ার গ্রেপ্তার হওয়ার পর তাকে ছাড়াতে থানায় গিয়েছিলেন নুর হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি সাতকানিয়ায়। কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের অনুসারী। পট পরিবর্তনের আগে বিভিন্ন দিবসে দেলোয়ার ব্যানারে নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিতেন। এলাকার লোকজনও তাকে যুবলীগের নেতা হিসেবেই চেনেন। দেলোয়ার এখন নিজেকে বিএনপির কর্মী পরিচয় দেন। তাকে সেল্টার দেওয়া সেই বিএনপি নেতা নুর হোসেন পাঁচলাইশ থানার আওতাধীন আমিন শিল্পাঞ্চল ৪৩ নম্বর ওয়ার্ডের ‘গ’ ইউনিট বিএনপির আহবায়ক। চট্টগ্রাম শহরে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে দেলোয়ার করে বেড়াচ্ছেন নানা অপকর্ম।

রোববার (২ নভেম্বর) রাতে বায়েজিদ থানায় ছিনতাইয়ের অভিযোগ করতে গিয়ে যুবলীগের এই নেতা আটক হন পুলিশের হাতে।

স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা নুর হোসেনের শেল্টারে এলাকায় চাঁদাবাজি ও চোরাই মোবাইল ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসা জড়িত হয়ে পড়েন দেলোয়ার। পুলিশের সোর্স হিসেবেও কাজ করেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। ৫ আগস্টের পর কোটি টাকার মালিকও বনে যান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, টংগাবতি সাতকানিয়া লোহাগাড়া মৈত্রী সেতুর উদ্বোধনের সময় স্থানীয় সংসদ সদস্য নদভী ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিনের ছবি দিয়ে ব্যানার লাগান দেলোয়ার। তখন ব্যানারে তিনি নিজেকে চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা পরিচয় দেন। এছাড়া বিভিন্ন আওয়ামী লীগ নেতার সাথে দলীয় কার্যালয়ে দেলোয়ারের বিভিন্ন ছবি প্রতিবেদকের হাতে এসেছে।

বায়েজিদ থানা সুত্রে জানা যায়, রোববার বায়েজিদ থানায় জসিম উদ্দিন, সোলতান, সোহেল, সুমন, বাবু, ইদ্রিস, মহিউদ্দিন নামের সাত ব্যক্তির বিরুদ্ধে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ করেন মোহাম্মদ দেলোয়ার। অভিযোগ পত্রে দেলোয়ার উল্লেখ করেন, ১ নভেম্বর পাহাড়িকা আবাসিক এলাকায় মাথায় আঘাত করে তারা দেলোয়ারের মোবাইল ছিনতাই করেছেন। ৩৫ হাজার টাকা মূল্যের ওয়ান প্লাস মোবাইল ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে দেলোয়ারের পরিচয় পায় পুলিশ।

স্থানীয়রা জানান, পুলিশের সোর্স হিসেবে কাজ করেন যুবলীগ নেতা দেলোয়ার। চোরাই মোবাইল ও মাদকের ব্যবসার সাথে জড়িত সে। নিজেই আবার মোবাইল ছিনতাইয়ের অভিযোগ করেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পুলিশের হেফাজতে থাকাকালীন সময়ে বিএনপি নেতারা তাকে ছাড়িয়ে নিতে তদবির শুরু করেন।

আমিন শিল্পাঞ্চল ৪৩ নম্বর ওয়ার্ড গ ইউনিট বিএনপির আহবায়ক নুর হোসেন বলেন, ‘বিএনপি অনেক বড় দল। অনেকেই বিএনপির পরিচয় দিতে পারেন। নতুন করে কেউ কেউ বিএনপির কার্যক্রমে সক্রিয় হচ্ছেন। তবে যুবলীগ নেতা দেলোয়ার কিভাবে বিএনপিতে এলেন তা আমি বলতে পারবো না। দেলোয়ার কোন অপকর্মের সাথে জড়িত কিনা আমার জানা নেই।’

তিনি চট্টলা২৪কে বলেন, আমার কমিটিতে আওয়ামী লীগের দোসর ঢুকে গেছে। এগুলো রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। আমি থানায় গিয়েছিলাম তাকে ছাড়াতে। তবে ওসি সাহেব আমাকে তার সম্পর্কে আওয়ামী ঘনিষ্টতার তথ্য দিলে আমি ফিরে আসি। সে আমার অফিসে আসত এটা ঠিক, সে আমাকে পরিচয় দিতে বলতো, দীর্ঘদিন সে পাহাড়িকা এলাকার বাসিন্দা। তবে তার কাছ থেকে আমি কোন টাকা নিয়ে তাকে শেল্টার দিয়েছি এটা ভুল কথা। পাহাড়িকা আবাসিক এলাকায় নতুন নতুন অনেক বেল্ডিং উঠছে। অনেকে ভাবে সেখান থেকে চাঁদাবাজি করা যাবে, কিন্তু আমরা এসব থেকে এক টাকাও খাই না। আপনারা খবর নেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মূলত সন্ত্রাস ও মাদক কালোবাজি এবং অপরাধ নির্বিঘ্নে চালিয়ে যেতেই সে আওয়ামী লীগ থেকে বিএনপির শেল্টার নেন। এমন অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি আরও খতিয়ে দেখতে গিয়ে সত্য পাই।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...