চট্টগ্রামের রাজনীতিতে নতুন করে আবারও অস্থিরতা সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে গুলি করা হয়েছে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনয়ন পাওয়া প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে। এই সময় সরোয়ার বাবলাসহ আরও কয়েকজন গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তবে এই ঘটনার পেছনে জামায়ত-শিবির জড়িত বলে নিশ্চিত করেছেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
বুধবার (৫ নভেম্বর) সোয়া ৫ টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এসময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।
এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এই সময় দুর্বৃত্তরা এসে গুলি করেছেন। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কেন এই ঘটনা ঘটছে তা জানি না। এরশাদ উল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।
নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণাকালে জামায়াত-শিবিরের লোকজন এরশাদ ভাইকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এসময় সরোয়ার বাবলা ঘটনাস্থলে মারা গেছে বলে জানতে পেরেছি। তবে এখনও আমি নিশ্চিত হতে পারিনি। আমি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছি। এরশাদ ভাইসহ গুলিবিদ্ধদের সেখানে ভর্তি করা হয়েছে।

