| প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)
আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল অপরাধীদের বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। শনিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পেকুয়া সদর মেহেরনামা শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে এসে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি।
ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা দেশের জাতীয় বীর। তাদের কারণে এ দেশ ধন্য হয়েছে।
এসময় সরকারের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা অনুদান এবং আস্ সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকার চেক তুলে দেন শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা। শহীদ ওয়াসিম আকরামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকিবুর রাজা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল মোস্তাফা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার প্রতিনিধি হিরণ সরওয়ারসহ আরও অনেকে।

