চট্টগ্রামের ফটিকছড়িতে রাতে ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম আবদুল্লাহ আল মাসুদ (৩২)।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আবদুল্লাহ আল মাসুদ ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের মো. মোজাহেরের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। গত বুধবার এলাকার বাড়ির সামনে থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।
মাসুদ নিহত হওয়ার ঘটনায় গতকাল রাতে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেছেন তাঁর ভাই আবদুল্লাহ আল রাশেদ। এতে একই এলাকার মো. ওসমান (২৭), মো. আফাজ উদ্দিনের (৩১) নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। ওসমান ও আফাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদী রাশেদ অভিযোগ করেন, তাঁর ভাইকে ওসমান সেদিন ঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর এলাকার অন্য একটি ঘরের ছাদে নিয়ে কয়েকজন মিলে লোহার রড, বাঁশের লাঠি ও বাটাম দিয়ে তাঁর ভাইয়ের মাথা, চোখ ও হাত-পায়ে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁর ভাইকে বাড়ির সামনে ফেলে পালিয়ে গেছেন তাঁরা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ বলেন, ‘ঘটনার বিষয়ে নিহত ব্যক্তির ছোট ভাই বাদী হয়ে মামলা করেছেন। আমরা ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের ধরতে কাজ করছি। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।’
চৌধুরী, চট্টলা২৪

