রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, গোপন চুক্তি করা নয়- রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, চলতি নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, সারা দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভয়ংকর আকার ধারণ করেছে, অথচ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এসব বিষয়ে নজর দিচ্ছেন না।

তিনি অভিযোগ করে বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণ না করে শেখ হাসিনার মত আপনিও বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করছেন। জনগণ আপনাকে এজন্য ক্ষমতায় বসায়নি।”

রবিবার পটুয়াখালীর একটি অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “মানুষ বাঁচতে চায়, দুই বেলার খাবারের নিশ্চয়তা চায়। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা নেই। কৃষকেরা মাটির সঙ্গে মিশে যাচ্ছেন। কেউ চাল কিনলে আলু কিনতে পারছে না। নিম্ন আয়ের মানুষকে বাঁচিয়ে জনবান্ধব সরকারের পরিচয় দিন।”

তিনি আরও বলেন, অতীতের ভুল সংশোধন করে দেশের সামনে নতুন পথ তৈরির সুযোগ এসেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

অন্তর্বর্তী সরকার প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে সরকার গোপন চুক্তির পথে হাঁটছে। তিনি বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে ভারতের সঙ্গে বহু গোপন চুক্তি করেছিলেন। এখন দেখি ডক্টর ইউনূস সাহেবের আমলেও বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হচ্ছে। দেশের সার্বভৌমত্ব দুর্বল করে কোনো চুক্তি হতে পারে না।”

তিনি দাবি করেন, “শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে। কার সঙ্গে চুক্তি? শর্তগুলো কী? এসব দেশের মানুষের জানার অধিকার আছে। সমুদ্রবন্দর বা নদীবন্দর বিদেশিদের হাতে গেলে জাতীয় নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে।”

রিজভী বলেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা-গোপন চুক্তি করা নয়। জনগণ এসব ঘটনা ভালোভাবে নিচ্ছে না। মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে।”

বিএনপির নেতারা জানান, পটুয়াখালী সদর উপজেলার এক গ্রামে অসচ্ছল আবদুল গনি জমাদ্দার (৭০) ও তাঁর স্ত্রী মমতাজ বেগম (৫০) দীর্ঘদিন ধরে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী ওই পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালী যান।

সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ বিভিন্ন নেতাকর্মী।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

প্রতারণার মামলায় গ্রেপ্তার পূজা চেরীর বাবা, বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে...

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...

শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়...

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...