ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির দিকে দুটি এক্সকাভেটর নিয়ে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে সেনাবাহিনী ও পুলিশ। সোমবার দুপুরে মিরপুর সড়কে এক্সকাভেটর দেখা গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের এক সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে শতাধিক সেনাসদস্য ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এর আগে বিক্ষোভকারীরা ৩২ নম্বরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন।
ডিএমপি বলছে, কেউ আইন হাতে নিতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত ফেব্রুয়ারিতে বাড়িটির বড় অংশ ভেঙে ফেলা হয়, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় অগ্নিসংযোগ করা হয়েছিল।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করছে।
ফারুক, চট্টলা২৪

