জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় তরুণকে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হকের জেরা ঘিরে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেরার এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান সাক্ষীকে জিজ্ঞেস করেন, গত বছরের ৫ আগস্ট থানার কোনো পুলিশ সদস্য মারা গেছেন কি না। উত্তরে আবজালুল বলেন, থানার কেউ না, তবে অন্য ইউনিটের একজন নিহত হন যার তদন্ত তিনি করছিলেন। এই প্রশ্নের বিরুদ্ধে প্রসিকিউশন আপত্তি তুললে দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাখানেক তর্কাতর্কি চলে। পরে ট্রাইব্যুনাল হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়।
এদিন সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে ডায়াসে ওঠেন রাজসাক্ষী আবজালুল। তবে তার জবানবন্দিতে বহু তথ্য আসেনি বলে ডিফেন্সের অভিযোগ থাকলেও প্রসিকিউশন বলছে, তিনি সব তথ্যই দিয়েছেন। গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যা এবং পরদিন তাদের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় এই মামলা হয়। বর্তমানে আট আসামি কারাগারে এবং আটজন পলাতক। মামলায় এখন পর্যন্ত ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।

