চট্টগ্রামে নির্মিত তিনটি ল্যান্ডিং ক্রাফট সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রপ্তানি হচ্ছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড থেকে ইউএই–ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান অ্যান্ড ট্রেডিং কোম্পানি এলএলসির কাছে ‘মায়া’, ‘এসএমএস এমি’ ও ‘মুনা’ নামের জাহাজ তিনটির আনুষ্ঠানিক হস্তান্তর করা হবে। কর্ণফুলী নদীর তীরে জাহাজগুলো প্রস্তুত রাখা হয়েছে।
ওয়েস্টার্ন মেরিন জানিয়েছে, ক্রেতার চাহিদা অনুযায়ী বিশেষভাবে তৈরি এই ল্যান্ডিং ক্রাফটগুলো অফশোর সাপ্লাই, মালবাহী পরিবহন ও সমুদ্রবাণিজ্যের বিভিন্ন কার্যক্রমে ব্যবহারের উপযোগী। হস্তান্তরের পরই এগুলো ইউএইর উদ্দেশে যাত্রা করবে।
প্রতিটি জাহাজের দৈর্ঘ্য ৬৯ মিটার, প্রস্থ ১৬ মিটার ও ড্রাফট ৩ মিটার। আন্তর্জাতিক ক্ল্যাসিফিকেশন সোসাইটি ব্যুরো ভেরিটাসের মানদণ্ড অনুযায়ী নির্মিত জাহাজগুলো ১০ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। প্রায় ৭০০ বর্গমিটার ক্লিয়ার ডেক স্পেস থাকায় ভারী যন্ত্রপাতি ও বাল্ক কার্গো পরিবহনে সুবিধাজনক।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি জাহাজের চাহিদা আবারও বাড়ছে। এই তিন ল্যান্ডিং ক্রাফট রপ্তানি দেশের জাহাজনির্মাণশিল্পের জন্য একটি ইতিবাচক বার্তা তুলে ধরেছে।
ওমর ফারুক, চট্টলা২৪

