রাজধানীতে মাঝারি মাত্রার ভূমিকম্পের পরপরই পুরান ঢাকার বংশাল এলাকায় পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন বংশাল থানার ডিউটি অফিসার।
নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালের সূত্র জানায়, নিহতদের একজন শিশু, একজন ওই মেডিকেল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, রেলিং পড়ে রাস্তার ওপরে রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। আশপাশের লোকজন দৌড়ে এসে হতাহতদের উদ্ধার করছে। অন্তত একজনের মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ড স্থায়ী তীব্র ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তিস্থল এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকার ভবন কেঁপে ওঠে। আতঙ্কে অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া ও দেয়ালে ফাটলসহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পুরান ঢাকার লক্ষ্মীবাজার, কালাচাঁদপুরসহ একাধিক এলাকার বাসিন্দারা তীব্র দুলুনি ও আতঙ্কের অভিজ্ঞতার কথা জানান।
শুধু বাংলাদেশ নয়, ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এবং পাকিস্তানের কিছু স্থানেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে প্রতিবেদন পাওয়া গেছে।
ফারুক, চট্টলা২৪

