নারীর নিরাপত্তায় পাঁচ দফা উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনলাইন-অফলাইন, কর্মক্ষেত্র থেকে শুরু করে জনসমাগমস্থল—জীবনের সব ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার ভিত্তিতে পাঁচটি পদক্ষেপ বাস্তবায়ন করবে বিএনপি। তিনি বলেন, “দেশ এগিয়ে গেলে আমাদের মা, বোন, কন্যা ও সহকর্মীদের আর ভয় নিয়ে বাঁচতে হবে না।” নিজের ৬১তম জন্মদিন উপলক্ষে গতকাল ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, প্রতিদিন অসংখ্য নারী শুধুমাত্র কথা বলা, কাজ করা, পড়াশোনা বা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করার কারণে হয়রানি, ভয়ভীতি ও সহিংসতার শিকার হচ্ছেন। ডিজিটাল যুগের প্রভাব জীবনের প্রতিটি স্তরে পৌঁছে গেছে উল্লেখ করে তিনি নারীর সুরক্ষা ও ক্ষমতায়নে জাতীয় পর্যায়ে জরুরি উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তায় বিএনপির পরিকল্পিত পাঁচটি অগ্রাধিকার কার্যক্রম তুলে ধরেন তিনি
1. জাতীয় অনলাইন সুরক্ষাব্যবস্থা: সাইবার বুলিং, হুমকি, ভুয়া পরিচয় ব্যবহার ও ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ জানানোর জন্য ২৪ ঘণ্টার হটলাইন, অনলাইন পোর্টাল ও প্রশিক্ষিত কর্মীসহ দ্রুত প্রতিক্রিয়া সক্ষম ব্যবস্থা গড়ে তোলা। বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলা ভাষায় কনটেন্ট মডারেশন আরও কার্যকর করা।
2. সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নারীদের সুরক্ষা: সাংবাদিক, সমাজকর্মী, শিক্ষার্থী ও কমিউনিটি লিডারদের নিরাপত্তায় জাতীয় নির্দেশিকা, দ্রুত আইনি-ডিজিটাল সহায়তা এবং গোপনে অভিযোগ জানানোর ব্যবস্থা নিশ্চিত করা।
3. ডিজিটাল নিরাপত্তা শিক্ষা: স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন সেশনে ব্যবহারিক সাইবার নিরাপত্তা দক্ষতা শিক্ষা, ‘সেফটি ফোকাল পয়েন্ট’ হিসেবে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ এবং বার্ষিক ডিজিটাল সচেতনতা কার্যক্রম চালু করা।
4. সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে শক্তিশালী কমিউনিটি সাড়া: কমিউনিটি হেল্প ডেস্ক, নিরাপদ পরিবহন, উন্নত সড়কবাতি এবং ট্রমা-সেনসেটিভ রেসপন্ডারদের উপস্থিতি নিশ্চিত করে নারীর দৈনন্দিন চলাচল আরও নিরাপদ করা।
5. নেতৃত্ব ও অংশগ্রহণে নারীর সহায়তা বৃদ্ধি: লিডারশিপ ট্রেনিং, মেন্টরশিপ নেটওয়ার্ক এবং কর্মস্থলে শিশুসেবা কেন্দ্র সম্প্রসারণের মাধ্যমে নারীর নেতৃত্ব ও পেশাগত অগ্রগতি নিশ্চিত করা।
তারেক রহমান বলেন, “নারীরা এগোলে দেশও এগোবে।” বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারীরা নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভবিষ্যৎ নির্মাণ করতে পারবেন।
ফারুক, চট্টলা২৪

