যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌঅঞ্চলে সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর সব মসজিদে ফজরের নামাজ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি–সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতে কমান্ডার খুলনা নৌঅঞ্চল শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে ‘গার্ড অব অনার’ প্রদান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে খুলনার বানৌজা তিতুমীর ঘাঁটিতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পদবীর সামরিক কর্মকর্তা, খুলনা বিভাগের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও উপ–উপাচার্য, বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষক–শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর সব জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নৌবাহিনী স্কুল ও কলেজগুলোতে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
দিনটিকে ঘিরে ঢাকা সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা আবু বকর, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা পদ্মা এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অতন্দ্র দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
জাহাজগুলো ঘুরে দেখতে ভিড় করেন বিপুল সংখ্যক দর্শনার্থী।
ফারুক, চট্টলা২৪

