চট্টগ্রামের আলোচিত এইট মার্ডার মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি সাজ্জাদ আলী খান এবং তার একসময়ের সহযোগী সারোয়ার হাসানকে ‘শিবিরকর্মী’ নয় বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবির।
সোমবার (২১ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন দাবি করে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে সোমবার নগরের চান্দগাঁওয়ে সাজ্জাদ ও সারোয়ার গ্রুপের গোলাগুলিতে এক যুবক নিহতের ঘটনায় প্রকাশিত সংবাদে তাদের ‘শিবিরকর্মী’ বলে পরিচয় দেওয়ার প্রতিবাদ জানানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সালাউদ্দিন আকাশের পাঠানো ওই প্রেস বিজ্ঞপ্তিতে সিভয়েস২৪, বাংলা ট্রিবিউন, ডেইলি স্টার, প্রথম আলো, আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সাজ্জাদ ও সারোয়ারকে শিবিরকর্মী আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদ ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করা হয়।
নগর ছাত্রশিবির উত্তর সভাপতি ফখরুল ইসলাম ও সেক্রেটারি তানজীর হোসাইন জুয়েলের বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হত্যাকাণ্ডে জড়িত সারোয়ার ও সাজ্জাদ ইসলামী ছাত্রশিবিরের সাথে কোনোকালেই সম্পৃক্ত ছিলেন না। ছাত্রশিবিরের মতো একটি সুশৃঙ্খল সংগঠনকে বিতর্কিত করতে এই সর্বৈব মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে বলে মনে করছি। আর সংবাদে অভিযুক্ত সারোয়ার ও সাজ্জাদকে ঢালাওভাবে শিবিরের কর্মী দাবি করা হলেও সংবাদপত্রের নীতি অনুযায়ী নেতৃবৃন্দের বক্তব্য নেওয়ারও প্রয়োজনবোধ করেননি সংশ্লিষ্ট প্রতিবেদক।’
‘এমন বিতর্কিত সংবাদ প্রকাশ ছাত্রশিবিরের মতো ঐতিহ্যবাহী সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস’ উল্লেখ করে ভবিষ্যতে ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে এই ধরনের ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।

