আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তায় বস্তায় টাকা ও অস্ত্র ঢোকার আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়… যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে; আমাদের কথায় গ্রেপ্তার করবে, মামলা করবে।’
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে দলটির আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন’–এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তবে শাহজাহান চৌধুরীর বক্তব্য দেওয়ার সময় তিনি মঞ্চে ছিলেন না।
বক্তৃতায় শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘প্রাইমারি স্কুলের মাস্টার থেকে শুরু করে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষক—সবার কাছে দাঁড়িপাল্লার কথা পৌঁছে দিতে হবে। পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটবে। ওসি সকালেই জেনে নেবেন আপনার কী প্রোগ্রাম, এবং প্রটোকল দেবেন।’
‘চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই’ — জামায়াত আমির শফিকুর রহমান
অনুষ্ঠানের প্রধান অতিথি শফিকুর রহমান বলেন, ‘আমরা চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাই। অতীতেও চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। অনেক রাজনৈতিক দল এ কথা জোর দিয়ে বলতে পারে না, কারণ বলতে গেলে জনগণও হাসবে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় আমরা জুলুম সহ্য করেছি আল্লাহর জন্য। পটপরিবর্তনের পর কাউকে জুলুম করতে দিইনি। প্রশাসন ভয় পেত, আমরা তাদের সাহায্য করেছি, সাহস দিয়েছি।’
অনুষ্ঠানে উপস্থিতি
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহসানুল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, মোস্তাফিজুর রহমান, আমিরুজ্জামান ও নুরুল আমিন চৌধুরী।
এ ছাড়া কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামসহ তিন জেলার ২৩টি আসনের মনোনীত প্রার্থীরা, নগর ও তিন জেলার সেক্রেটারিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

