জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর দেওয়া প্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সংগঠনটি বলছে, এ ধরনের মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহারের উসকানি দেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হেয়প্রতিপন্ন করে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে এক প্রতিবাদলিপিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শাহজাহান চৌধুরীর বক্তব্য ‘উচ্চাকাঙ্ক্ষামূলক ও পুলিশের জন্য অবমাননাকর’।
গত শনিবার চট্টগ্রামে এক সমাবেশে তিনি বলেন—‘যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে। পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে।’
এই বক্তব্যকে কেন্দ্র করে অনলাইনে তীব্র সমালোচনা শুরু হলে তা পুলিশের নজরে আসে।
অ্যাসোসিয়েশন জানায়, সংবিধান ও আইন অনুযায়ী বাংলাদেশ পুলিশ রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধ। গত ১৭ বছরে কিছু রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের ওপর চাপ সৃষ্টি হলেও ৫ আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর থেকে পুলিশ আরও নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালন করছে।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ কোনো রাজনৈতিক দল বা মতের পক্ষে অবস্থান না নিয়ে আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করছে। রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের যুগ শেষ—এখন পুলিশ জনকল্যাণ ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
ফারুক, চট্টলা২৪

