বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক ষাং সাংসদ শাহজাহান চৌধুরীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ হিসেবে দাবি করেন। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
১৫ নভেম্বর রাতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কর্মী সম্মেলনে দেওয়া ওই বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “১৯৯১ ও ২০০১ সালে আপনারা আমাকে এমপি বানিয়েছেন। আজকে বাংলার সাতকানিয়া-লোহাগাড়া নয়, পুরো চট্টগ্রামে এক বছর ধরে কাজ করার জন্য ড. ইউনূস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অব চিটাগাং- চট্টগ্রামের অভিভাবক হচ্ছেন শাহজাহান চৌধুরী।”
৩ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, “আমি এমপিগিরি করে কোনো ধান্দাবাজি করিনি। চট্টগ্রামকে দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী হিসেবে সেকেন্ড সিঙ্গাপুর করার স্বপ্ন নিয়ে রাজনীতি করছি। জামায়াত নয়, রাজনীতি নয়- মানুষের মুক্তির জন্য ৫৪ বছর ধরে কাজ করেছি।”
তবে প্রশাসন এ ধরনের কোনো দায়িত্ব দেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করেছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, “তাকে এ রকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এটি হলে অফিস আদেশের মাধ্যমে জানানো হতো। মৌখিকভাবেও আমরা কোনো নির্দেশনা পাইনি।”
বিষয়টি নিয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও শাহজাহান চৌধুরী ফোনে সাড়া দেননি।
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন কালবেলা বলেন, “গার্ডিয়ান অব চিটাগাং বিষয়টি আমি জানি না। তবে জিইসি কনভেনশন সেন্টারে ওনার বক্তব্য নিয়ে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, এর আগে গত ২২ নভেম্বর নগরীর জিইসি কনভেনশন হলে নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, “যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে, তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে।”
এই দুটি বক্তব্য ভাইরাল হওয়ায় দলীয়ভাবে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছে জামায়াত।
ফারুক, চট্টলা২৪

