চট্টগ্রাম, ২৬ নভেম্বর ২০২৫: লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল-এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল বুধবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে রওনা দিয়েছে। ব্যানকন–১৬-এর এই সদস্যরা লেবাননে মোতায়েন থাকা নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগ দেবেন।
বিদায় অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৯ নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহ’র নেতৃত্বে প্রথম দলের ২৫ সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লেবাননে পৌঁছান। আগামী ২৭ নভেম্বর ব্যানকন–১৫-এর ১১০ সদস্য দেশে ফিরবেন।
সম্প্রতি লেবাননগামী দলটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।
২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী লেবাননে জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সে দায়িত্ব পালন করে আসছে। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সে উপমহাদেশের একমাত্র সামরিক জাহাজ হিসেবে ‘বানৌজা সংগ্রাম’ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রতিহত, সন্দেহজনক জাহাজ–এয়ারক্রাফট নজরদারি, দুর্ঘটনায় উদ্ধারকাজ ও লেবাননের সামরিক সদস্যদের প্রশিক্ষণসহ নানামুখী দায়িত্ব পালন করছে। পাশাপাশি লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসাসেবাও দিয়ে আসছে নৌবাহিনী।
গত ১৫ বছর ধরে শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করেছে।
ফারুক, চট্টলা২৪

