বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এখনও কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। স্থিতিশীল থাকলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।
খোকন জানান, “উনি এখনো আউট অব ডেঞ্জার নন। শারীরিক অবস্থা আগে যেমন ছিল, এখনও তেমনই রয়েছে। স্টেবল আছেন, তবে কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। ডাক্তাররাই বিস্তারিত জানাবেন।”
তিনি আরও বলেন, মেডিকেল বোর্ড বেগম জিয়ার সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি আশাবাদী—তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে খায়রুল কবির খোকন বলেন, বিষয়টি এখনো অনিশ্চিত। সবকিছু নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক অবস্থার ওপর। এ বিষয়ে মেডিকেল টিমই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
ফারুক, চট্টলা২৪

