| প্রতিনিধি, মিরসরাই
চট্টগ্রামর মিরসরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক তত্বাবধানে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রয় শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার ট্রাফিক মোড় চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এই ডিম বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়সহ আরও অনেকে।
ডিম কিনতে আসা ক্রেতারা জানান, সরকার নির্ধারিত দামে ডিম পেয়ে অনেক ভালো লাগছে। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে অতিরিক্ত দাম নিচ্ছে, যা মোটেও কাম্য নয়। তাই এমন উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরকে ধন্যবাদ জানাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, সরকারের নির্ধারিত দামে আজ (মঙ্গলবার) থেকে উপজেলার বিভিন্ন বাজারে ডিম বিক্রি করা হবে। প্রতিদিন ১২০০ ডিম বিক্রি করা হবে। বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই ভাবে ডিম বিক্রি করা হবে।

