পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় রায় ঘোষণা হওয়ার পর প্রত্যাশা অনুযায়ী শাস্তি হয়নি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খান মো. মঈনুল হাসান।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর এবং তাঁর বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত। মামলার অপর ১৪ আসামির প্রতিজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী মঈনুল হাসান বলেন, “আমরা দুদকের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব। আমাদের প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি। আমরা সর্বোচ্চ শাস্তি—যাবজ্জীবন কারাদণ্ড—চেয়েছিলাম।”
পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, যেসব দেশে আসামিরা অবস্থান করছেন, সেসব দেশের সহযোগিতা পেতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। টিউলিপ সিদ্দিক বাংলাদেশি নাগরিক হওয়ায় তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। আইন অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া সরকার সম্পন্ন করবে বলেও জানান তিনি।
ফারুক, চট্টলা২৪

