বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি ৫ জানুয়ারি

ঢাকার একটি আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ আগামী ৫ জানুয়ারি নির্ধারণ করেছেন।

সোমবার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ঠিক করেন। বিষয়টি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল্লাহ আল মামুন (সাইফুল) নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত, গৃহযুদ্ধের ঘোষণা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে তদন্ত শেষে গত ১৪ আগস্ট শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এবং আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ মামলার ২৮৬ আসামির মধ্যে ২৫৯ জন পলাতক, আর ২৭ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। গ্রেফতারদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন।

চার্জশিটে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, এ কে এম আক্তারুজ্জামান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পংকজ নাথ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনসহ আরও অনেকেই।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ ডিসেম্বর “জয় বাংলা ব্রিগেড” নামের অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত জুম মিটিংয়ে দেশের বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র, গৃহযুদ্ধের ঘোষণা এবং পলাতক শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরানোর পরিকল্পনা করা হয়। ভয়েস রেকর্ড ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে রাষ্ট্রদ্রোহের উপাদান পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

পরবর্তী শুনানি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে আদালত জানিয়েছেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...