বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রি: সেন্টমার্টিনগামী ‘কেয়ারি সিন্দাবাদ’কে ৫০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে ট্রাভেল পাস ছাড়া পর্যটকদের কাছে অবৈধভাবে টিকিট বিক্রির অভিযোগে সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারি সিন্দাবাদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। সোমবার (১ ডিসেম্বর) মৌসুমের প্রথমদিন নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজ ছাড়ার আগমুহূর্তে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, তিনজন পর্যটকের কাছে ট্রাভেল পাস ছাড়াই ১ হাজার ৮০০ টাকা করে টিকিট বিক্রির প্রমাণ পাওয়ায় কেয়ারি সিন্দাবাদকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী ট্রাভেল পাস ও কিউআর কোড ছাড়া টিকিট দেওয়া যাবে না। প্রথমদিন হওয়ায় মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয়দের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে টিকিট কেনা যাবে; তবে দেশের অন্যান্য অঞ্চল থেকে আগত পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে ট্রাভেল পাসযুক্ত কিউআর কোডসহ টিকিট সংগ্রহ করতে হবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

দুই মাস (১ ডিসেম্বর–৩১ জানুয়ারি) সেন্টমার্টিনে রাত্রিযাপনের অনুমতি থাকায় প্রথমদিনেই ১১৭৪ জন পর্যটক দ্বীপে যান। প্রশাসন অনুমোদিত ৬টি জাহাজের মধ্যে যাত্রীসংখ্যা অনুযায়ী প্রথমদিন ৩টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছেন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

সেন্টমার্টিনে যাত্রায় পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর পানি বহনে পরিবেশবান্ধব ফ্ল্যাক্স পর্যটকদের হাতে তুলে দিচ্ছে।

মৌসুমের প্রথমদিনের প্রস্তুতি পরিদর্শন করে জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, “সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পর্যটকদের নিরাপত্তা, হয়রানি প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়ন প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় সার্বিক তদারকি জোরদার করা হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...