পূর্বঘোষণ মোতাবেক শনিবার (৬ ডিসেম্বর), বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। অনুষ্ঠানে তিনি জানান, মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি ৮০ কোটি টাকা অনুদান দেবেন।
টিভি৯ জানিয়েছে, নির্মাণের ঘোষণা নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হলে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। হাইকোর্ট সবুজ সংকেত দেওয়ার পর কঠোর নিরাপত্তার মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়।
হুমায়ুন কবীর জানান, বাবরি মসজিদের নির্মাণ খরচ প্রায় ৩০০ কোটি টাকা, যা সম্পূর্ণভাবে সংখ্যালঘু মুসলমানদের অনুদানে হবে। তিনি জোর দিয়ে বলেন, “সরকার থেকে কোনো টাকা নেওয়া হবে না, এতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে।”
তিনি আরও জানান, ২৫ বিঘার জমির মধ্যে মসজিদের পাশাপাশি ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, হেলিপ্যাড এবং মুসাফিরখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পুনর্নির্মাণের উদ্যোগ এবং দলীয় লাইনের বাইরে যাওয়ায় হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেসকে নির্বাচনী চাপে ফেলেছেন। বিরোধী দল অভিযোগ করেছে যে হুমায়ুন সংখ্যালঘু বিষয়কে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিচ্ছেন, তৃণমূল দাবি করেছে, তিনি মিথ্যা তথ্য ব্যবহার করছেন।
ফারুক, চট্টলা২৪

