বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা অনিশ্চিত 

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকলেও এখনো তাঁর শারীরিক অবস্থা বিদেশযাত্রার উপযোগী নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বশীল সূত্রগুলো।

চিকিৎসকরা জানান, বিশেষ করে খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্রের জটিলতা ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে। পাশাপাশি ডায়াবেটিস, কিডনি, ফুসফুস–সংক্রান্ত জটিলতাগুলো অপরিবর্তিত রয়েছে। নিয়মিত ডায়ালাইসিস ছাড়া তাঁর শারীরিক অবস্থায় কোনো স্থায়ী উন্নতি সম্ভব নয়। ফলে আপাতত তাঁকে ঢাকাতেই চিকিৎসাধীন রাখতে হচ্ছে।

এদিকে কাতার আমিরের পক্ষ থেকে জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের মাধ্যমে যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রক্রিয়া চলছিল, তা আপাতত স্থগিত রয়েছে। গত শনিবার প্রতিষ্ঠানটি ঢাকায় অবতরণ ও উড্ডয়নের অনুমতি পেলেও খালেদা জিয়ার অস্থিতিশীল শারীরিক অবস্থার কারণে সূচি পরিবর্তন করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকেও গতকাল পর্যন্ত বিদেশে নেওয়ার বিষয়ে নতুন কোনো উদ্যোগ দেখা যায়নি। চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত এখন সম্পূর্ণই মেডিকেল বোর্ডের ওপর নির্ভর করছে। বোর্ডের সদস্য হিসেবে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান; তিনি প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসা তদারকি করছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র জানায়, এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ–উড্ডয়ন সূচি পূর্বনির্ধারিত থাকলেও চিকিৎসকদের ‘ফ্লাইং ফিট’ অনুমতি ছাড়া ফ্লাইট কার্যকর হবে না।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিসসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, আগামী কয়েকটি দিন তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; কিডনি কার্যক্ষমতা স্থিতিশীল না হলে সামগ্রিক উন্নতি কঠিন।

চিকিৎসা, পর্যবেক্ষণ আর রাজনৈতিক প্রত্যাশার মাঝেই আপাতত অনিশ্চয়তার দোলাচলে বন্দী খালেদা জিয়ার বিদেশযাত্রা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...