জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী আলিফ বিন জাফরীর জীবনসংগ্রাম রঙিন হলো চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মানবিক ছোঁয়ায়। সোমবার (৮ ডিসেম্বর) চন্দনাইশ উপজেলা প্রশাসনের এক অনুষ্ঠানে এই মেধাবী শিক্ষার্থীর হাতে একটি ট্রাইসাইকেল তুলে দেন তিনি।
চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামের বাসিন্দা আলিফ মুহাম্মদ আলী জাফরী ও তাফহীমা আকতার দম্পতির সন্তান। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও কখনো হার না মেনে তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং গাজীবারিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। বর্তমানে তিনি স্নাতক শ্রেণিতে ভর্তির অপেক্ষায়। বাবার মৃত্যুর পর সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মা তাফহীমা আকতার। সন্তানের জন্য একটি ট্রাইসাইকেল কেনার সামর্থ্যও তার নেই।
আলিফ বলেন, “ডিসি স্যার আমাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ট্রাইসাইকেলটি পেয়ে আমি নতুন করে স্বপ্ন দেখতে পারছি।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক হজরত শাহসুফি মমতাজিয়া এতিমখানার ৪০ জন শিশুর মাঝে পোশাক ও শিক্ষা উপকরণও বিতরণ করেন। মাদ্রাসার সুপার আব্দুল মান্নান জানান, “মানবসেবা নিয়ে ডিসি স্যারের প্রতিটি কথা আমাদের ছুঁয়ে গেছে। এতিম শিশুদের তিনি নিজের হাতে উপহার প্রদান করেছেন- শিশুরা অত্যন্ত আনন্দিত হয়েছে।”
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “মানুষের মধ্যে মানবিকতা ও মূল্যবোধ না থাকলে কোনো মূল্যই থাকে না। অন্যের সমস্যাকে অনুভব করতে পারলেই সৃষ্টির সেরা জীব হওয়া যায়।”
সকালে তিনি চন্দনাইশ থানা পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি আসন্ন জাতীয় নির্বাচনসহ উপজেলা পর্যায়ের সার্বিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন উপকারভোগীর মাঝে সরকারি সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল, সুবর্ণ নাগরিক কার্ড, কৃষকদের মাঝে সার-বীজ, এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
দুপুরে তিনি সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করেন এবং কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে দিনের কার্যক্রম শেষ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ঝুন্টু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক পটিয়া উপজেলা পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সাংবাদিকদের তিনি বলেন, “১৮ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন উপজেলা পরিদর্শন করছি। জাতির প্রত্যাশা- একটি ফ্রি, ফেয়ার ও নিরপেক্ষ নির্বাচন। সেই লক্ষ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।”
এসময় পটিয়া উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

