কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালুকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বাড়ছে সংঘাত ও সহিংসতা। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুধু গত ১৪ মাসেই রাউজান উপজেলায় খুন হয়েছেন ১৭ জন। এমন পরিস্থিতিতে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর কমিটি।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব আদনান হোসেন রাফি। তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও প্রশাসন বারবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেয়নি। রাঙ্গুনিয়া-রাউজান এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কে অবৈধভাবে চলাচলকারী ১০ চাকার ড্রাম ট্রাক ও বালু উত্তোলন আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ না হলে কঠোর আন্দোলন ও উপজেলা-সংলগ্ন ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
মানববন্ধনে নগর কমিটির পাশাপাশি রাউজান-রাঙ্গুনিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন নগর কমিটির সংগঠক তাওহিদ আলিফ, যুগ্ম সদস্য সচিব ইম্মি সজিব, এবং সাধারণ ছাত্রদের প্রতিনিধিরা।
বক্তারা অভিযোগ করেন, রাউজান-রাঙ্গুনিয়া সড়কে ওভারলোড ড্রাম ট্রাক চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। অবৈধ বালু উত্তোলন ঘিরে এলাকায় প্রতিনিয়ত সন্ত্রাসীদের অপতৎপরতা বাড়ছে, যা নিরাপত্তাহীনতা তৈরি করছে।
সাধারণ ছাত্রদের পক্ষে মো. আহাদ ফারহান বলেন, অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘাত, খুন-খারাবি এবং পরিবেশ ধ্বংসের ঘটনা চট্টগ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তিনি দ্রুত বালু উত্তোলন ও ড্রাম ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপে প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেন।
ফারুক, চট্টলা২৪

